ঢাকাকে বাসযোগ্য করতেই হবে, এখান থেকে বের হওয়া জরুরি

বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকার পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার প্রধানমন্ত্রীর
টুইট ডেস্ক: রাজধানী ঢাকার পরিবেশগত সংকট থেকে উত্তরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়ণ এবং ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সব জায়গায় একই ধরনের গাছ লাগানো উচিত নয়। পরিবেশ ও এলাকার উপযোগিতা বিবেচনায় গাছ নির্বাচন করতে হবে। বিশেষ করে ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। এছাড়া বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতটি বিভাগে মোট ২১ জনকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই প্রকাশিত Economist Intelligence Unit-এর সর্বশেষ বৈশ্বিক সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। আগের বছরও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।






