শিরোনাম ৩ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন জিকো, রেফারির বিরুদ্ধে ক্ষোভ

ম্যাচ পরিচালনায় পক্ষপাতের অভিযোগ, ‘একটি দেশের পরিশ্রম এক নিমিষে শেষ করে দিয়েছেন’ কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ মিশরের ফুটবলারের

টুইট প্রতিবেদক: বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর ম্যাচ রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, রেফারির একাধিক সিদ্ধান্ত তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে।

ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল হজম করে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হারায় আফ্রিকার প্রতিনিধিরা। এর আগে জিকোর একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়। আক্রমণের শুরুতে মারওয়ান আতিয়ার করা ফাউলের কারণে সেই গোলের স্বীকৃতি দেওয়া হয়নি।

ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন। তিনি একদমই নিরপেক্ষ ছিলেন না। তিনি একজন জালিম।”

তিনি আরও বলেন, “এটি দিনের আলোর মতো পরিষ্কার যে আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। একটি দেশের পুরো পরিশ্রম তিনি এক নিমিষে শেষ করে দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই তার সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে।”

এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তবে তার পরিচালনা নিয়ে মিশর শিবিরের অসন্তোষ ম্যাচ শেষে আরও স্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে সমতায় ফেরার পর এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।