অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন

এক বছরের মধ্যে ভোট সম্পন্নের পরিকল্পনা, রোডম্যাপ তৈরির কাজ চলছে: তথ্য উপদেষ্টা
টুইট ডেস্ক: আগামী অক্টোবর মাস থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই সব ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের বিষয়েও কথা বলেন। তিনি জানান, এ ধরনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তবে বিদ্যমান আইন অনুযায়ী এসব বক্তব্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা নেতাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিদেশে অবস্থান করে যারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের অনেকের বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।






