সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ এলাকায় আকস্মিক উপস্থিতি, মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রস্তুতি ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ।

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সরাসরি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের বাস্তবধর্মী অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাঁর কাছে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং মহড়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি একটি অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘অভিযান’ মহড়া প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণের কৌশল, সমরাস্ত্রের ব্যবহার, প্রতিরক্ষামূলক অবস্থান এবং বাস্তবসম্মত প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাঙ্কারে নেমে কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে মাঠপর্যায়ে দীর্ঘ সময় পাশে পেয়ে সেনাসদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।