ব্রাজিলের হার নিয়ে স্কালোনির সতর্কবার্তা

এন্ড্রিক গোল করলে ম্যাচের চিত্র বদলাতে পারত বলে মন্তব্য; মিসরের বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত আর্জেন্টিনা কোচের।
টুইট প্রতিবেদক: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেই ম্যাচ পুরোটা না দেখলেও ফলাফল ও গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। একই সঙ্গে ব্রাজিলের বিদায়কে নিজের দলের জন্য সতর্কবার্তা হিসেবেও দেখছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, অনুশীলন ও প্রতিকূল আবহাওয়ার কারণে পুরো ম্যাচ দেখা সম্ভব হয়নি। তবে যতটুকু দেখেছেন, তাতে নরওয়ের শক্তিমত্তা স্পষ্ট হয়েছে। তাঁর ভাষ্য, গোলশূন্য অবস্থায় এন্ড্রিক সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের গল্প অন্যরকম হতে পারত। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেলে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়।
নরওয়ের বিপক্ষে ব্রাজিল একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করে। শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। পরে দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের সঙ্গে একান্ত সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এন্ড্রিক। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এদিকে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। তিনি জানান, যেসব ফুটবলার এখন পর্যন্ত কম সময় খেলেছেন, তাঁদের সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতে দল আরও সতেজ থাকবে বলে বিশ্বাস তাঁর।
তবে খেলোয়াড় বদলালেও আর্জেন্টিনার মূল কৌশলে পরিবর্তন আসবে না বলে স্পষ্ট করেছেন স্কালোনি। তাঁর মতে, পরিস্থিতি অনুযায়ী দল ভিন্নভাবে খেলতে সক্ষম হলেও নিজেদের স্বাভাবিক খেলার ধরনই বজায় রাখা হবে। পাশাপাশি ফুটবলারদের শারীরিক সক্ষমতার বিষয়েও নজর রাখছে কোচিং স্টাফ।
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাত ১০টায় আটলান্টায় মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকলেও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।






