বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার সদস্যদেরও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যা গরিব-দুঃখী মানুষের সহায়তা এবং রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বর্তমানে তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। সেই হিসেবে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা তিনি সরকারি কোষাগারে জমা দেন। বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর তিনি চেকের মাধ্যমে অর্থটি সরকারি হিসাবে ফেরত দেন বলেও উল্লেখ করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি বাধ্যতামূলক নয়; তবে যাদের পক্ষে সম্ভব, তারা চাইলে প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর এই আহ্বান মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিষয়টিকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখেছেন।