আধুনিক চতুর্মাত্রিক বাহিনী গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কথা জানালেন, পিজিআরের পেশাদারিত্ব ধরে রাখার আহ্বান

টুইট ডেস্ক: সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা আরও শক্তিশালী করা হবে।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারের গৃহীত প্রতিরক্ষা নীতি ও পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী হবে। পাশাপাশি সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কর্মদক্ষতা ও পেশাগত সক্ষমতাও নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও পিজিআরের সদস্যরা সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনগণের আস্থা অক্ষুণ্ন রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে। দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।