রাফিনহা–পাকেতা ছাড়াই নরওয়ের বিপক্ষে ব্রাজিল, সম্ভাব্য একাদশে কারা?

শেষ ষোলোর মহারণে চোটে বাইরে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার; পাকেতার বিকল্প নিয়ে আনচেলত্তির সামনে একাধিক বিকল্প।
টুইট প্রতিবেদক: হারলেই বিদায়, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে রোববার দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর্লিং হালান্ডের নেতৃত্বে শক্তিশালী নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দল নির্বাচন নিয়ে বড় চ্যালেঞ্জে পড়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে আলোচিত খবর রাফিনহার দলে ফেরা হলেও, তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। অনুশীলনে ফিরলেও শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সময়ে তাকে কেবল হালকা অনুশীলন করতে দেখা গেছে। দলের চিকিৎসকরা জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। তবে ব্রাজিল শেষ আটে উঠতে পারলে ১১ জুলাই মায়ামিতে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তাকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী তারা।
অন্যদিকে বিশ্রামের পর অনুশীলনে ফিরেছেন রায়ান। বৃহস্পতিবার শারীরিক ধকল কমাতে তাকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছিল। ফলে নরওয়ের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
তবে ব্রাজিলের সবচেয়ে বড় ধাক্কা এসেছে লুকাস পাকেতার চোটে। জাপানের বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুর পেশিতে আঘাত পাওয়ার পর ২০২৬ বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। ফলে মাঝমাঠে তার অনুপস্থিতি ব্রাজিলের কৌশলে বড় প্রভাব ফেলতে পারে।
পাকেতার জায়গা পূরণে আনচেলত্তির সামনে রয়েছে তিনটি বিকল্প। এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা দানিলোর মধ্য থেকে একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। প্রতিপক্ষের ধরন ও কৌশল বিবেচনায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে ব্রাজিলের কোচিং স্টাফ।
নিউ জার্সির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের বিজয়ী দল ১১ জুলাই মায়ামিতে কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার।
রক্ষণভাগ: দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালেস, ডগলাস সান্তোস।
মাঝমাঠ: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস অথবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
আক্রমণভাগ: রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।






