শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সম্মেলনে প্রতীকীভাবে চার প্রতিনিধির হাতে স্মারক প্রদান, সবার জন্য সংরক্ষণের ঘোষণা
টুইট ডেস্ক: ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মারক গ্রহণ করেন। একই সঙ্গে জানানো হয়, সব শহীদ পরিবার ও আহত যোদ্ধার জন্য পৃথকভাবে স্মৃতি স্মারক সংরক্ষণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে এ স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথমে স্মৃতি স্মারক গ্রহণ করেন। পরে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, সম্মেলনে উপস্থিত প্রতিনিধি হিসেবে কয়েকজন স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধার জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে সেগুলো সংশ্লিষ্ট প্রত্যেক পরিবার ও আহত যোদ্ধার কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহত যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই স্মৃতি স্মারক প্রদান করা হয়।






