গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১২ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

চেকপোস্টে তল্লাশিতে উদ্ধার মদ; জব্দ মোটরসাইকেল, আটক ব্যক্তির বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

 

টুইট ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে মো. সুমন রেজা (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করেন। এ সময় মোটরসাইকেলের ক্যারিয়ারে ঝুলানো সাদা প্লাস্টিকের বস্তা থেকে ভারত থেকে আনা সিগ্রামস রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কির ১২ বোতল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সুমন রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও জব্দ মোটরসাইকেল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও পরিবহন রোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।