পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স

আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা
টুইট ডেস্ক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, দ্রুত সম্প্রসারিত হতে থাকা পূর্বাচল এলাকায় নাগরিক নিরাপত্তা ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে ডিএমপির আওতায় নতুন অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির প্রশাসনিক কাঠামোর আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, দ্রুত নগরায়নের কারণে পূর্বাচলে আগাম নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার এই উদ্যোগ ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






