জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নতুন অর্থবছরে বাজেট বেড়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা, করমুক্ত আয়সীমা নির্ধারণ ৪ লাখ টাকা।
টুইট প্রতিবেদক: জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে বাজেটের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় সংক্রান্ত ৫৯টি দাবি উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। পরে এসব প্রস্তাবের ওপর আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা চূড়ান্তভাবে পাস হয়। এছাড়া অর্থবিলও পাস করা হয়েছে, যেখানে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন অর্থবছরের এই বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।






