বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নদের ছড়াছড়ি

নকআউট পর্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে ২২ বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার, ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড।
টুইট প্রতিবেদক: চলমান বিশ্বকাপে নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের উপস্থিতি নতুন ইতিহাস গড়েছে। ফুটবল বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসে একই আসরে এত বেশি সংখ্যক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড় আগে কখনও অংশ নেননি।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র আটটি দেশের ৪৭১ জন ফুটবলার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ২১ জন দ্বিতীয়বার শিরোপা জিতেছেন। আর একমাত্র কিংবদন্তি পেলেই তিনবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন।
এবারের আসরে নকআউটে জায়গা পাওয়া তিন দেশের মোট ২২ জন বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার দ্বিতীয়বার ট্রফি জয়ের লড়াইয়ে রয়েছেন। এর মধ্য দিয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ১৯ জন বিশ্বচ্যাম্পিয়নের অংশগ্রহণের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ২০১৪ সালে ২০১০ সালের স্পেনের ১৬ জন এবং ২০০৬ সালের ইতালির তিনজন বিশ্বকাপজয়ী খেলোয়াড় দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী ১৭ জন ফুটবলার এবারও দলে রয়েছেন। তাঁদের নেতৃত্বে আছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে কোচ লিওনেল স্কালোনিও টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও আবার শিরোপা জয়ের মিশনে আছেন। তাঁর দলে রয়েছেন ২০১৮ সালের চার বিশ্বচ্যাম্পিয়ন—কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে এবং লুকাস হার্নান্দেজ। অন্যদিকে ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারও দ্বিতীয় শিরোপার আশায় এবারের আসরে খেলছেন।
চলতি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা:
আর্জেন্টিনা: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলি।
ফ্রান্স: কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে ও লুকাস হার্নান্দেজ।
জার্মানি: ম্যানুয়েল ন্যয়ার।
এক আসরে এত সংখ্যক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলারের উপস্থিতি চলমান বিশ্বকাপকে দিয়েছে ভিন্ন মাত্রা। এখন দেখার বিষয়, তাঁদের মধ্যে কে বা কারা দ্বিতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ সম্মান অর্জন করতে পারেন।






