বাগমারায় চাপাতি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

ভুক্তভোগীর দাবি—বিএনপি নেতা পরিচয়ে ধাওয়া; লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাস পুলিশের

টুইট ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামে মো. জাফর ইকবাল নামে এক ব্যক্তি একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ করেছেন। শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী জাফর ইকবাল, গংগানারায়নপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার অভিযোগ, কুমানিতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করেন অভিযুক্তরা। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালান। প্রাণনাশের আশঙ্কায় তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

অভিযুক্তরা হলেন—নাইমুর রহমান দূর্জয় (২৮), শাহরিয়ার আলম সবুজ (২১), আব্দুস সাত্তার (৪৮), মাহাবুর রহমান (৩৫) ও মাসুদ রানা (৩৭)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

জাফর ইকবালের দাবি, হামলার সময় নাইমুর রহমান দূর্জয় নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে চাপাতি হাতে তাকে ধাওয়া করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করেন। তার ভাষ্য, অভিযুক্তরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং যে কোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাইমুর রহমান দূর্জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী, তার পরিবার ও স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।