আনচেলত্তির চোখে তিন প্রতিপক্ষই কঠিন

নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনকে সমান সমীহ ব্রাজিল কোচের

টুইট প্রতিবেদক: স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেনকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল এখন অপেক্ষায় শেষ ৩২-এর প্রতিপক্ষ জানার। ‘এফ’ গ্রুপের সমীকরণ অনুযায়ী ব্রাজিলের সামনে আসতে পারে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যেকোনো একটি দল।

স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে তিন দলের মধ্যে কাউকেই আলাদা করে এগিয়ে রাখতে চাননি অভিজ্ঞ এই ইতালীয় কৌশলবিদ।

আনচেলত্তি বলেন, ‘সম্ভাব্য তিনটি দলই উচ্চমানের ফুটবল খেলে। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। অন্যদিকে জাপান বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। তারা খুবই সংগঠিত ও দ্রুতগতির দল।’

সুইডেন সম্পর্কেও সতর্ক অবস্থান নিয়েছেন ব্রাজিল কোচ। তার ভাষায়, ‘সুইডেনের আক্রমণভাগে বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে। তারা যে কোনো প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারে। তাই আগে থেকে কোনো মন্তব্য করা কঠিন।’

বর্তমানে পরিসংখ্যানগত হিসাবে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে জাপান। তবে নেদারল্যান্ডস-তিউনিসিয়া এবং জাপান-সুইডেনের শেষ গ্রুপ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে চূড়ান্ত সমীকরণ।

সব হিসাব-নিকাশের পরই জানা যাবে, হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট পর্বের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে দাঁড়াবে নেদারল্যান্ডস, জাপান নাকি সুইডেন। তবে প্রতিপক্ষ যেই হোক, আনচেলত্তির বক্তব্য স্পষ্ট— কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।