ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেল ইরান

ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা, স্বস্তি ফিরল ইরান শিবিরে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেল ইরান, তবে ম্যাচ শেষেই দেশ ছাড়ার শর্ত বহাল। 

স্পোর্টস ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ইরান জাতীয় দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দুই দিন আগে সিয়াটলে প্রবেশের অনুমতি পেয়েছে ইরান দল। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে দলটিকে।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই সিদ্ধান্তে ইরান শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে প্রথম দুই ম্যাচে অংশ নিতে খেলোয়াড়দের ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যেতে বাধ্য করা হয়, যা খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছিল।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা পর্যবেক্ষণের পরই নিয়ম কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন-তেহরান সম্পর্কের টানাপোড়েনের কারণে শুরু থেকেই নানা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয়েছে ইরান দল। তাদের নির্ধারিত বেস ক্যাম্প পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করা হয়। এছাড়া কয়েকজন কর্মকর্তা ও সহায়ক কর্মী ভিসা পাননি বলেও অভিযোগ রয়েছে।

বর্তমানে ‘জি’ গ্রুপে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে তারা। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিসর। শুক্রবার সিয়াটলে অনুষ্ঠিতব্য ইরান-মিসর ম্যাচটি নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সুত্র: রয়টার্স