ব্রাজিলের জার্সি বিতর্কে পিছু হটল ফিফা

লাল নয়, স্কটল্যান্ড ম্যাচে সবুজ পোশাকেই খেলবেন অ্যালিসনরা।
টুইট প্রতিবেদক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের গোলরক্ষকদের জার্সি নিয়ে তৈরি হওয়া বিতর্কে শেষ পর্যন্ত অবস্থান বদল করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলরক্ষকদের লাল রঙের জার্সি পরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। ফলে অ্যালিসন বেকার, এদেরসন ও ওয়েভেরটনরা সবুজ রঙের জার্সি, শর্টস ও মোজা পরেই মাঠে নামবেন।
বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর কিট তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেখানে ব্রাজিলের গোলরক্ষকদের জন্য লাল রঙের পোশাক নির্ধারণ করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পরই ব্রাজিলে ব্যাপক আলোচনা শুরু হয়। কারণ জাতীয় দলের ঐতিহ্যবাহী রঙের সঙ্গে লালের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন দেশটির অনেক সমর্থক ও বিশ্লেষক।
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জাতীয় দলের গোলরক্ষকদের জন্য লাল রঙের কোনো জার্সিই প্রস্তুত করা হয়নি। এমনকি কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির বিক্রয় তালিকাতেও গোলরক্ষকদের জন্য কেবল সবুজ রঙের জার্সি রয়েছে। এর একটি নাইকির নিজস্ব সংস্করণ এবং অন্যটি জর্ডান ব্র্যান্ডের নকশায় তৈরি।
সাধারণত অংশগ্রহণকারী দলগুলোর জমা দেওয়া কিটের তালিকার ভিত্তিতেই ফিফা ম্যাচভিত্তিক পোশাক নির্ধারণ করে। তবে ম্যাচ সমন্বয় সভায় বিশেষ পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকে। ব্রাজিলের ক্ষেত্রে এবার সেই পথই বেছে নিয়েছে সংস্থাটি।
লাল জার্সি নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছর ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়দের জন্য জর্ডান ব্র্যান্ডের অধীনে লাল রঙের বিশেষ জার্সি তৈরির পরিকল্পনা হয়েছিল। তবে সিবিএফ সভাপতি সামির জাউদের হস্তক্ষেপে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়।
জাউদ তখন বলেছিলেন, ব্রাজিলের জাতীয় পরিচয়ের সঙ্গে দেশের পতাকার রঙ ওতপ্রোতভাবে জড়িত। তার মতে, সবুজ, হলুদ, নীল ও সাদা—এই চার রঙই জাতীয় দলের পোশাকে প্রাধান্য পাওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, লাল জার্সির বিরোধিতা রাজনৈতিক কারণে নয়, বরং ব্রাজিলের ফুটবল ঐতিহ্য ও পরিচয় রক্ষার স্বার্থেই করা হয়েছে।
তবে রাজনৈতিক ব্যাখ্যাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়নি। ব্রাজিলের বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতীকী রঙ হওয়ায় লাল জার্সিকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। অন্যদিকে ব্রাজিলের ফুটবল পরিচয়ের সঙ্গে ঐতিহ্যগতভাবে জড়িয়ে আছে হলুদ জার্সি।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়রা ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরবেন। আর গোলরক্ষকদের পোশাক হবে সম্পূর্ণ সবুজ, যা আপাতত বিতর্কের ইতি টানতে যাচ্ছে।






