ক্লোসার আরেক রেকর্ডও ভাঙলেন মেসি

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের নতুন মালিক আর্জেন্টাইন মহাতারকা
টুইট প্রতিবেদক: বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে নকআউট পর্বে তোলার পাশাপাশি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার আরও একটি বিশ্বকাপ রেকর্ড ভেঙেছেন তিনি।
ম্যাচের প্রথমার্ধে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেন মেসি। পরে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন। তবে ব্যক্তিগত অর্জনের তালিকায় এদিন যোগ হয়েছে আরও একটি অনন্য কীর্তি।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম ম্যাচজয়। এর মাধ্যমে ক্লোসার ১৭ ম্যাচ জয়ের রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। শেষ দুই ম্যাচেই দলের হয়ে একমাত্র গোলদাতা হিসেবে তিনি করেছেন পাঁচ গোল। কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া ধারাবাহিকতায় গত ছয় বিশ্বকাপ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০।
অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটি মেসিকে আরেকটি বিরল কীর্তির মালিকও করেছে। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো এই কৃতিত্ব গড়েছিলেন।
৩৯তম জন্মদিনের দুয়ারে দাঁড়িয়ে থাকা মেসি শুধু গোলই করছেন না, মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরির নেতৃত্ব এবং দলের ছন্দ ধরে রাখার দায়িত্বও সমান দক্ষতায় পালন করছেন। বয়স যেন তাঁর পারফরম্যান্সের সামনে কোনো বাধাই হয়ে উঠতে পারছে না।
বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে আর্জেন্টাইন মহাতারকা আবারও প্রমাণ করলেন, ফুটবলের সর্বোচ্চ আসরে তাঁর প্রভাব এখনও অমলিন।






