মাঠে ইয়ামালের প্রভাব মেসির মতো: সৌদি কোচের প্রশংসা

১৮ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের এই তরুণ তারকার পরিণত ফুটবল বুদ্ধিমত্তায় মুগ্ধ প্রতিপক্ষ শিবির।
টুইট প্রতিবেদক: লামিনে ইয়ামালের প্রতিভা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা থামছেই না। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করা এই তরুণ তারকাকে এবার প্রশংসায় ভাসালেন সৌদি আরবের কোচ জর্জিওস ডোনিস। তার মতে, মাঠে ইয়ামালের প্রভাব অনেকটা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মতো।
বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে ডোনিস বলেন, বর্তমান সময়ে ইয়ামাল বিশ্বের অন্যতম বড় প্রতিভা। এত কম বয়সে একজন খেলোয়াড়ের এমন পরিণত পারফরম্যান্স খুবই বিরল বলেও মন্তব্য করেন তিনি।
ডোনিস বলেন, “আমার মনে হয়, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সবচেয়ে বড় প্রতিভাদের একজন। বার্সেলোনায় মেসির জায়গা পূরণের পথে সে দারুণভাবে এগোচ্ছে। তার বয়স বিবেচনায় এমন দক্ষতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ।”
সৌদি কোচের মতে, ইয়ামালের সবচেয়ে বড় গুণ শুধু তার কারিগরি দক্ষতা নয়; বরং মাঠে পরিস্থিতি বোঝার ক্ষমতা। তিনি বলেন, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যেও যে পরিপক্বতা দেখা যায়, ইয়ামালের মধ্যে অল্প বয়সেই সেটি রয়েছে।
“তার দক্ষতার চেয়েও আমাকে বেশি মুগ্ধ করে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সে জানে কখন কী করতে হবে। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে,” বলেন ডোনিস।
বার্সেলোনার হয়ে মেসির সেরা সময়ের বিপক্ষে কোচিং অভিজ্ঞতার কথা তুলে ধরে ডোনিস জানান, ইয়ামালের মধ্যে তিনি সেই বিশেষ ধরনের প্রভাব দেখতে পান, যা একসময় মেসি তৈরি করতেন।
তার ভাষ্য, “আমি মেসির সময়ের বার্সেলোনার বিপক্ষে খেলেছি। এখন ইয়ামালের মধ্যে সেই ধরনের অসাধারণ প্রতিভা ও প্রভাব দেখছি।”
স্পেন জাতীয় দলেও ইয়ামাল এখন গুরুত্বপূর্ণ সদস্য। ডোনিসের মতে, ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস মাঠে না থাকলে স্পেনের আক্রমণ আগের মতো ভয়ংকর থাকে না।
তিনি বলেন, “স্পেন বলের দখল রাখতে পারে, কিন্তু ইয়ামালের মতো খেলোয়াড়রা মাঠে থাকলে যে ব্যক্তিগত সৃজনশীলতা ও একের বিপক্ষে এক পরিস্থিতি তৈরি হয়, সেটি দলকে অন্য মাত্রা দেয়।”
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন। তার ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে মেসির মতো দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে রাজত্ব করার সম্ভাবনাও দেখছেন অনেক ফুটবল বিশ্লেষক।






