ইংল্যান্ডের চুরি হওয়া কিট উদ্ধার

স্থানীয় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই সন্দেহভাজন; বিশ্বকাপের আগে স্বস্তি ফিরেছে থ্রি লায়ন্স শিবিরে।

টুইট প্রতিবেদক: বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের অনুশীলন ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হলেও দ্রুত অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কানসাস সিটির ‘সোয়োপ সকার ভিলেজ’-এ, যেখানে বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প স্থাপন করা হয়েছে। তদন্তে জানা গেছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সরঞ্জাম ব্যবস্থাপনা দল ভ্যান থেকে মালামাল নামানোর সময় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ফুটবল বুট, অনুশীলনের জুতা ও জাতীয় দলের কয়েকটি জার্সি চুরি করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় চুরি হওয়া সব সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয় এবং মোস্তফা সালিক ও এরফান কামাল নামে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

জ্যাকসন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলেসা জনসন জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি হওয়া সম্পদ অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের আইন অনুযায়ী এ অপরাধে এক থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চার জোড়া বিশেষ ফুটবল বুট, পাঁচ জোড়া ক্রীড়া জুতা, প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার মূল্যের তিনটি স্বাক্ষরসংবলিত জার্সি, একটি আনুষ্ঠানিক বিশ্বকাপ ফুটবল, বিভিন্ন অনুশীলন সরঞ্জাম, খেলোয়াড়দের ব্যক্তিগত কিছু সামগ্রী এবং একটি লেগো সেট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা কোচ টমাস টুখেলের শিষ্যদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সবকিছু অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে।

এর আগে ফ্লোরিডায় দশ দিনের প্রস্তুতি পর্বে দারুণ ছন্দে ছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে জয় পাওয়ার পাশাপাশি মিয়ামি এফসিকেও বড় ব্যবধানে হারিয়েছে তারা।

মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কাটিয়ে এখন বিশ্বকাপের মূল লড়াইয়েই পুরো মনোযোগ দিতে চাইছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।