দীর্ঘ প্রেমের পর এবার বিয়ের সিদ্ধান্ত আমির খানের

৫ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ের খবর; আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোরালো আলোচনা বলিউডে।

টুইট প্রতিবেদক বলিউড অভিনেতা আমির খানের ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরি সপ্র্যাট-কে বিয়ে করতে যাচ্ছেন তিনি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ জুলাই পারিবারিক পরিসরে তাদের বিয়ের আয়োজন হতে পারে।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরির সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। তবে তারও প্রায় দেড় বছর আগে থেকে তাদের সম্পর্কের সূচনা হয়েছিল বলে জানা যায়। এরপর বিভিন্ন অনুষ্ঠানে ও ব্যক্তিগত মুহূর্তে দুজনকে একসঙ্গে দেখা গেছে।

গুঞ্জন সত্য হলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্ত এবং ২০০২ সালে কিরান রাওকে বিয়ে করেছিলেন তিনি। দুই সংসারে তার তিন সন্তান রয়েছেন,জুনাইদ খান, ইরা খান এবং আজাদ রাও খান।

অন্যদিকে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা। তিনি একটি খ্যাতনামা সৌন্দর্যসেবা প্রতিষ্ঠানের মালিক। তার আগের সংসার থেকে একটি সন্তানও রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরিকে নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিলেন আমির খান। তিনি বলেছিলেন, গৌরির উপস্থিতি তাকে মানসিক প্রশান্তি দেয় এবং জীবনের এক ধরনের পূর্ণতার অনুভূতি এনে দিয়েছে। সেই বক্তব্যের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে বিয়ের খবর নিয়ে এখন পর্যন্ত আমির খান বা গৌরি স্প্র্যাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত ও বলিউড মহলে কৌতূহল আরও বেড়েছে।