হজে সৌদি গেলেন সেনাপ্রধান

রাজকীয় অতিথি হিসেবে সফর, ফিরবেন ১ জুন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন

টচটবাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এই সফরে গেছেন সেনাপ্রধান।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন ধর্মীয় কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এই সফরকে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং সৌদি আরবের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও সামরিক সম্পর্কের প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিবছর হজ মৌসুমে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিদের রাজকীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে থাকে সৌদি সরকার।