ঈদ প্রস্তুতিতে পরিবেশবান্ধব ব্যাগ দেবে রাসিক

রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ। ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় প্রথমবার পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ।
টুইট প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করবেন রাসিক প্রশাসক।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে নগরীর দরগা মসজিদ সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সংশ্লিষ্টরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এবার বিশেষ প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। কোরবানির মাংস নিরাপদভাবে বহন ও সংরক্ষণে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু বিস্তার রোধে ব্লিচিং পাউডার বিতরণ করা হবে।
নগর পরিকল্পনা ও বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং জীবাণুনাশক ব্যবহারের মতো উদ্যোগ নগর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্লাস্টিক দূষণ কমাতে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের উদ্যোগ নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাসিক সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।






