ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত রাজশাহী সিটি কর্পোরেশন: প্রশাসক

দ্রুত অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা, সময়মতো কাজ শেষের প্রত্যয়।

টুইট প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) নগর ভবনের অ্যানেক্স হলরুমে আয়োজিত এ সভা নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সমন্বয় এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। নগরবাসীর স্বস্তি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্নতা কর্মকর্তা (তদারকি), পরিচ্ছন্নতা পরিদর্শক এবং কেন্দ্রীয় সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। আলোচনায় কোরবানির দিন ও পরবর্তী সময়ে দ্রুত বর্জ্য অপসারণের কৌশল, জনবল ব্যবস্থাপনা এবং তদারকি জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান, সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির মাধ্যমে ঈদে নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা প্রস্তুত রয়েছে।