ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে ছিলেন, নিজেই পড়েছিলেন ভোট ফিক্সিংয়ের লোভে: মাশরাফীকে সারজিসের খোঁচা

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন টেনে সাবেক অধিনায়কের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন; সামাজিক মাধ্যমে শুরু তুমুল আলোচনা
টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দেওয়া ওই পোস্টে সারজিস আলম, জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার সূত্র ধরে নড়াইল-২ আসনের ২০১৮ সালের নির্বাচনের ফলাফল তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ওই নির্বাচনে মোট ভোটারের মধ্যে প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে এবং নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাশরাফী পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট।
এ প্রসঙ্গে সারজিস লেখেন, *“যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।”
তিনি আরও দাবি করেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচনে অংশ নেন এবং পরে হুইপের দায়িত্বও গ্রহণ করেন।
সবচেয়ে আলোচিত অংশে সারজিস লেখেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।” পোস্টের শেষে তিনি লেখেন, “স্যরি, ভাই।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাশরাফী বিন মর্তুজা-এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






