পুলিশ সপ্তাহে সুরের আবেশ

ফেরদৌস আরা, মনির খান ও দিঠি আনোয়ারের পরিবেশনায় শেষ হলো সাংস্কৃতিক আয়োজন
টুইট প্রতিবেদক: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় চার দিনব্যাপী পালিত হয়েছে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। গত ১০ মে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির শেষ দিনে ছিল জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।
সমাপনী আয়োজনে সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং শ্রোতাপ্রিয় শিল্পী দিঠি আনোয়ার। তাদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
একটি দলীয় নৃত্য পরিবেশনার পর মঞ্চে আসেন দিঠি আনোয়ার। তিনি ধারাবাহিকভাবে পরিবেশন করেন তার বাবার লেখা জনপ্রিয় গান ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’। দর্শক-শ্রোতারা গানগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠানস্থলে সৃষ্টি করেন অন্যরকম আবহ।
এরপর মঞ্চে ওঠেন ফেরদৌস আরা। তার কণ্ঠে শোনা যায় ‘আমার নহে গো ভালোবাসো’, ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘শাওন রাতে যদি’ ও ‘ছায়া হয়ে তবুও পাশে রইবো’। নজরুলসংগীত ও আধুনিক গানের মিশেলে তার পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্বে মঞ্চ মাতান মনির খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী পরিবেশন করেন ‘খরকুঠার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো’, ‘চিঠি লিখেছে বউ আমার’ এবং ‘প্রেমের তাজমহল’সহ তার জনপ্রিয় কয়েকটি গান। দর্শকদের উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়েই শেষ হয় পুলিশ সপ্তাহের সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করে মনির খান বলেন, ১৭ বছর পর পুলিশ সপ্তাহের মঞ্চে গান গেয়ে তিনি ভীষণ আনন্দিত। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিল্পী হিসেবে আজীবন গান গেয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
দিঠি আনোয়ার জানান, প্রবল বৃষ্টি উপেক্ষা করেও সময়মতো অনুষ্ঠানে পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি।
মঞ্চ পরিবেশনায় সাধারণত বাবার লেখা গানই গেয়ে থাকেন উল্লেখ করে বলেন, এসব গান শ্রোতারা লাইন ধরে উপভোগ করেন বলেই তার কাছে আলাদা গুরুত্ব বহন করে। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই শিল্পী।






