কানে আলিয়াকে ঘিরে বিতর্ক

রেড কার্পেটের ভাইরাল ভিডিও নিয়ে বিভক্ত নেটদুনিয়া
বলিউড অভিনেত্রী ।

টুইট প্রতিবেদক: আলিয়া ভাট আবারও হাজির হয়েছেন কানস ফ্লিমস ফেস্টিভ্যাল–এর রেড কার্পেটে। তবে তার গ্ল্যামারাস উপস্থিতির চেয়ে এবার বেশি আলোচনায় এসেছে একটি ভাইরাল ভিডিও, যেখানে কিছু আলোকচিত্রীকে অভিনেত্রীর দিকে তেমন আগ্রহ দেখাতে দেখা যায়নি।

তামারা র‌্যালফের নকশা করা ব্লাশ-টোনড বডি-হাগিং গাউনে রেড কার্পেটে উপস্থিত হন আলিয়া। হাসিমুখে পোজ দেওয়া ও হাত নাড়ার সময় ভিডিওতে দেখা যায়, কয়েকজন আলোকচিত্রী ক্যামেরা নিচের দিকে নামিয়ে রেখেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

‘এক্স’–এ ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে নেটিজেনদের একাংশ আলিয়াকে নিয়ে কটাক্ষ করেন। কেউ লিখেছেন, আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীকে অনেকেই চিনতে পারেননি। আবার কেউ মন্তব্য করেন, “তিনি যেন নিজেকেই অনুষ্ঠানের কেন্দ্র ভাবছিলেন, অথচ ক্যামেরাম্যানদের তেমন আগ্রহ ছিল না।”

তবে সমালোচনার বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন আলিয়ার ভক্তরাও। তাদের দাবি, একজন ভারতীয় শিল্পীর আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি নিয়েই অযথা বিদ্রূপ করা হচ্ছে। অনেকেই মনে করিয়ে দেন, অতীতেও শাহ রুখ খানকে একইভাবে ট্রলের মুখে পড়তে হয়েছিল।

আন্তর্জাতিক আলোকচিত্রী গ্রীজ মার্টিন আলিয়ার সঙ্গে একটি সেলফি প্রকাশ করে অভিনেত্রীকে ধন্যবাদ জানানোর পর বিতর্ক আরও নতুন মাত্রা পায়। সমর্থকদের মতে, এটি প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনেও আলিয়ার গ্রহণযোগ্যতা রয়েছে।

সব মিলিয়ে, কানের রেড কার্পেটে আলিয়া ভাটকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিওটি এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

কেউ এটিকে ‘উপেক্ষা’ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন,এটি উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা ছাড়া কিছু নয়।