রেললাইনের পাশে রক্তাক্ত লাশ

বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু, তদন্তে রেলওয়ে পুলিশ।
টুইট প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর কলোনীপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুলপুর রেললাইন সংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার আবু সাহলে জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।






