বাজার অস্থিরতায় সিন্ডিকেট দায়ী: জামায়াতে আমির

চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান বিরোধীদলীয় নেতার

টুইট ডেস্ক: দেশের বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরির পেছনে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিম সংকট তৈরি করে একটি চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সিন্ডিকেট ও চাঁদাবাজদের কারণে বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে এবং ভোক্তাদের অতিরিক্ত দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে পাইকারি বাজার থেকে খুচরা পর্যায় পর্যন্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদে এবং সংসদের বাইরেও বিরোধীদল ভূমিকা রাখবে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রশ্নে তারা সোচ্চার থাকবেন বলেও জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ঈদ সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকারের ওপর চাপ আরও বাড়ছে।