জঙ্গলে গিয়ে বিতর্কে রাকুল

গির অরণ্যের ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল বন বিভাগ।
টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতের গুজরাটের গির অরণ্যে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা।
ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে তিনি হাঁটছেন এবং পাশে দাঁড়িয়ে আছে সাফারি গাড়ি। এরপরই প্রশ্ন ওঠে,সাধারণ পর্যটকদের যেখানে গাড়ি থেকে নামার অনুমতি নেই, সেখানে কীভাবে বিশেষ সুবিধা পেলেন এই অভিনেত্রী?
সম্প্রতি নতুন চলচ্চিত্র ‘পতি পত্মী অউর ওহ দো’র প্রচারণার অংশ হিসেবে গির অরণ্যে যান রাকুলপ্রীত। তাঁর সঙ্গে ছিলেন ছবির অন্যান্য শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে অনেকে অভিযোগ করেন, তারকাখ্যাতির কারণে বন বিভাগের নিয়ম ভাঙার সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। কেউ কেউ এটিকে ‘তারকা বিশেষ সুবিধা’ বলেও আখ্যা দেন।
বিতর্ক বাড়তে থাকলে বিষয়টি নিয়ে মুখ খোলে গির উদ্যান কর্তৃপক্ষ। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি মূল অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের অংশে ধারণ করা হয়েছিল।
এক কর্মকর্তা জানান, সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কোনো পর্যটকই গাড়ি থেকে নামতে পারেন না এবং ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের অংশে ধারণ করা হয়েছে। বন বিভাগের দাবি, নিয়ম ভঙ্গের কোনো ঘটনাই ঘটেনি।
তবে এখানেই শেষ নয়। কর্মকর্তারা আরও জানান, সফরের সময় শারীরিক অসুস্থতা অনুভব করায় রাকুলপ্রীত শেষ পর্যন্ত অভয়ারণ্যে প্রবেশই করেননি। পরে তাঁর দল তাঁকে নিয়ে ফিরে যায়। ফলে জঙ্গলের ভেতরে প্রবেশ বা নিয়ম ভাঙার প্রশ্নও ওঠে না বলে দাবি তাদের।
যদিও সরকারি ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। কারণ, পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে তারকাদের উপস্থিতি সাধারণ মানুষের নজর কাড়ে দ্রুত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই বিষয়টি নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রাকুলপ্রীত সিং। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘পতি পত্মী অউর ওহ দো’। এতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুদাসসর আজিজ।
টুইট প্রতিবেদক






