কোরিয়ায় আসিফ মাহমুদ

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন এনসিপির মুখপাত্র।

টুইট প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে আজ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম-২০২৬’-এ অংশ নিতেই তার এ সফর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ রাতের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতন্ত্রবিষয়ক বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে এনসিপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এ সফর দলটির জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সাংগঠনিক তাৎপর্য বহন করতে পারে।