সৌদিতে ৪৭ হাজারের বেশি হজযাত্রী

ফ্লাইট চলছে নিয়মিত, চিকিৎসা ও সহায়তা কার্যক্রমও জোরদার

টুইট ডেস্ক: চলতি বছরের হজ মৌসুমে এখন পর্যন্ত ৪৭ হাজার ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৬ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১২০টি হজ ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছে হজ অফিস।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অবশিষ্ট যাত্রীরাও ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত স্বাভাবিক কারণে ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা যান। পাশাপাশি সৌদি মেডিকেল টিম ১৪ হাজার ৩৯ জন যাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৪৬২ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৯৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ ব্যবস্থাপনায় এবার বেসরকারি খাতের অংশগ্রহণ উল্লেখযোগ্য। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।
ঢাকায় সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ৩২৪টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৯টি ভিসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফেরত ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট ৩০ জুন দেশে ফিরবে।