রায়েরবাজারে এনসিপির শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের বীরদের স্মরণে নুসরাত-মিতুর শ্রদ্ধাঞ্জলি।

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা আলম মিতু।

বুধবার (৬ মে) বিকেলে তারা রাজধানীর মোহাম্মদপুরস্থ রায়েরবাজারে গিয়ে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা রায়েরবাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমও উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নুসরাত তাবাসসুম। অপরদিকে, গত রোববার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নেন ডা. মাহমুদা আলম মিতু।

রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব গ্রহণের পরপরই তাদের এই শ্রদ্ধা নিবেদনকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এটি মুক্তিযুদ্ধের চেতনা ও গণআন্দোলনের ইতিহাসের প্রতি তাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।