রাঙ্গামাটিতে সন্ত্রাসবিরোধী মানবন্ধন

বিশ্ববিদ্যালয়ে ভীতি সৃষ্টির অভিযোগ, শিক্ষকদের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ প্রত্যাহারের দাবি।

টুইট ডেস্ক: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ‘মব সন্ত্রাস’ ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ব্যবহার করে কিছু শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে সংঘবদ্ধ হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালায়। তারা উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা শুধু শিক্ষকদেরই নয়, পুরো একাডেমিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তারা এ ধরনের ‘অপপ্রচার’ বন্ধ এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে জেমি বড়ুয়া, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফাতেমাতুজ্জোহরা ও রিফাহ তাসনিয়া নিখিতা প্রমুখ বক্তব্য দেন।

শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।