বান্দরবানে আনসার ব্যাটালিয়নের মানবিক উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা সম্মানিত

গান, আবৃত্তি ও দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে শিশুদের আর্থিক সহায়তা ও আপ্যায়ন প্রদান।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান আনসার ব্যাটালিয়ন (১০ বিএন)।
বুধবার ব্যাটালিয়নের অধিনায়কের উদ্যোগে “সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম” নামের একটি প্রতিষ্ঠানের ৭ জন শিক্ষার্থীকে ব্যাটালিয়ন সদরে আমন্ত্রণ জানানো হয়। এ আয়োজনকে কেন্দ্র করে পুরো পরিবেশে সৃষ্টি হয় এক মানবিক ও উৎসবমুখর আবহ।
ব্যাটালিয়ন সদর দপ্তরের হলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা গান পরিবেশন, আবৃত্তি এবং দাবা প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের প্রতিভা ও আত্মবিশ্বাস উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে শিশুদের আপ্যায়ন করানো হয় এবং ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা শিশুদের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।






