রাজশাহীতে ট্রাকচাপায় পথচারী নিহত: ট্রাকে অগ্নিসংযোগ

ঢাকা-রাজশাহী মহাসড়কে উত্তেজনা; পুলিশের গাড়ি ভাঙচুর, পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। এ সময় পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী (৫০) চারঘাট উপজেলার সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ড্রাম ট্রাক মহাসড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করছিল। বিড়ালদহ মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ট্রাক দুটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।