টেন্ডারবাজি বন্ধ হওয়ায় চক্রের ক্ষোভ: আমির হামজা

নিজের বিরুদ্ধে অপপ্রচার চলছে, জনগণের আমানত রক্ষায় অটল থাকার ঘোষণা।

টুইট ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তাঁর নির্বাচিত হওয়ার পর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির মতো অপকর্ম আগের মতো নির্বিঘ্নে চালানো যাচ্ছে না। এতে সংশ্লিষ্ট চক্রগুলো ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন আমির হামজা।

পোস্টে তিনি বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছেন, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে গেলেই একটি ‘কুচক্রী মহল’ নানা বাধা সৃষ্টি করছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, “আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সাম্রাজ্য আগের মতো চালাতে পারছে না। তাই তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।”

সংসদ সদস্য দাবি করেন, এসব গোষ্ঠীর হাতে ইতিবাচক রাজনীতি না থাকায় তারা উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, কুষ্টিয়াবাসীর শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা তাঁর দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।

তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো ভবিষ্যতেও জনগণ তাঁর পাশে থাকবে এবং সম্মিলিতভাবে অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।