প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে অশ্লীলতা; দোষীদের বিচার চাই: জামায়াত আমির

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ও মিথ্যা প্রচারের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও আমি বিচার চাই। প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও মেয়ে।” একই সঙ্গে তিনি দোষারোপের রাজনীতি পরিহার করে নিরপেক্ষভাবে দোষীদের শনাক্ত করার আহ্বান জানান।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ফ্যাসিবাদ ফিরে না আসার সতর্কতা দেওয়া হলেও নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন রাজনৈতিক আশ্বাস নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সমঝোতা এখনো বহাল আছে কিনা-এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের গুম, খুন, ধর্ষণসহ সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। “ওসমান হাদির হত্যার বিচার পর্যন্ত তা গড়াতে হবে। অন্যথায় এসব ঘটনার দায় এড়ানো যাবে না,” বলেন তিনি।

কৃষিখাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। “গ্রামে ১০ টাকায় বিক্রি হওয়া ফসল ঢাকায় ৪০ টাকায় বিক্রি হয়-এ অবস্থার পরিবর্তন দরকার,” বলেন তিনি।

এছাড়া, তিস্তা নদী ঘিরে প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার সাহস করে তিস্তা মহাপরিকল্পনা শুরু করলে জনগণের ব্যাপক সমর্থন পাবে।”