দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে, অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন

আজ থেকে শুরু পরীক্ষা, ২৮৩ কেন্দ্রে বসবে শিক্ষার্থীরা
রংপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫৬৬ জন কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর এটি বোর্ডটির ১৮তম এসএসসি পরীক্ষা। চলতি বছরের এসএসসি পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়ে শেষ হবে ২০ মে।
রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।
এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন। বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন অংশ নেবে।
বোর্ডের চেয়ারম্যান মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে পরীক্ষার হল পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা তদারকিতে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শন চালাবে।
এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল সীমিত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।






