তারাগঞ্জে লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন না সাধারণ মানুষ

তেল সিন্ডিকেট: পাম্পে অনিয়ম, লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন না ।

নিজস্ব প্রতি‌নি‌ধি, তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পে প্রকাশ্যে অনিয়মের অভিযোগ উঠেছে, যার সরাসরি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র জেরিক্যানসহ বিভিন্ন কৌশলে পাম্প থেকে তেল সংগ্রহ করে পরে তা বেশি দামে কালোবাজারে বিক্রি করছে। ফলে প্রকৃত ভোক্তারা প্রয়োজনীয় তেল থেকে বঞ্চিত হচ্ছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাঠপর্যায়ের পেশাজীবীরা। শিক্ষক, ওষুধ কোম্পানির প্রতিনিধি, এনজিও কর্মী ও পল্লী প্রাণী চিকিৎসকদের মতো সেবা খাতের কর্মীরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মিল্ক ভিটা কোম্পানির প্রতিনিধি মো. লিটন মিয়া জানান, “গত দুইদিন ধরে পেট্রোল পাম্পে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করেছি, কিন্তু তেল পাইনি। খালি হাতে ফিরতে হয়েছে।”

একই অভিজ্ঞতার কথা জানান এনজিও কর্মী সুলতানা বেগম। তিনি বলেন, “আমি একজন নারী। তিন-চারদিন ধরে পাম্পে গিয়েও তেল পাচ্ছি না। এখন বাধ্য হয়ে ভ্যানে করে মাঠে যেতে হচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, কিছু রাজনৈতিক নেতা-কর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা আগেভাগেই জেরিক্যান নিয়ে লাইনে অবস্থান করছেন। সাধারণ মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করলেও তারা সহজেই তেল সংগ্রহ করে চলে যাচ্ছেন এমন অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পেট্রোল পাম্প ম্যানেজার বলেন, “আমরা অনেকটা জিম্মি অবস্থায় আছি। তাদের তেল না দিলে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে জনগণের সহযোগিতা ছাড়া একার পক্ষে এই সিন্ডিকেট দমন করা কঠিন। তারপরও খবর পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় পর্যায়ে তেল সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য একসঙ্গে কাজ করায় এই সংকট তীব্র আকার নিয়েছে। প্রশাসনের অভিযানের পাশাপাশি কঠোর নজরদারি ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।