লুইজিয়ানা ট্র্যাজেডি: গুলিতে ঝরল ৮ শিশুর প্রাণ

পারিবারিক বিরোধ থেকে নৃশংসতা,স্তম্ভিত আমেরিকা, নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক।
টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় ১ থেকে ১৪ বছর বয়সী অন্তত ৮ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার ভোরে শ্রিভপোর্ট শহরের একাধিক বাসভবনে এ নৃশংস হামলা সংঘটিত হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ থেকেই এ সহিংসতার সূত্রপাত। ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
নিহতদের কয়েকজন হামলাকারীর নিজ পরিবারের সদস্য বলেও ইঙ্গিত পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ ও জটিল করে তুলেছে।
শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার বোর্ডেলন জানান, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের ধাওয়া খেয়ে শেষ পর্যন্ত গুলিতে নিহত হয় সে। হামলাকারীর পূর্ণ পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিনের বাসিন্দারা বলছেন, এমন নির্মম সহিংসতার ঘটনা তারা আগে কখনো দেখেননি। ঘটনাটি শুধু একটি পরিবার নয়, পুরো সম্প্রদায়ের ওপর গভীর মানসিক আঘাত ফেলেছে।
এদিকে, শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো এটিকে শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে মাইক জনসন ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথা জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতা ও সহজলভ্য অস্ত্রের মিশ্রণ ক্রমেই বড় ধরনের মানবিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে। সাম্প্রতিক এ ঘটনা সেই উদ্বেগকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে শিশুদের ওপর এমন সহিংসতা দেশটির নিরাপত্তা নীতিমালা ও অস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে আবারও তীব্র বিতর্কের জন্ম দিতে পারে।






