ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে: আমিরাতের পূর্বাভাস

জিলকদ মাসের চাঁদ দেখা; আরাফার দিন ২৬ মে হতে পারে।
টুইট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) দিনের বেলাতেই জিলকদ মাসের নতুন চাঁদের দেখা পাওয়া যায়। এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ওই দিন সকাল ১০টায় চাঁদের ছবি তোলা হয়। তখন চাঁদ সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং এর বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা।
এই তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফার দিন এবং এর পরদিন ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানও একই পূর্বাভাস দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন, অন্যান্য ইসলামী উৎসবের মতোই চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাব্য তারিখ নির্ধারণে সহায়ক হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ওপরই নির্ভর করে।






