জাফলংয়ে কূপ থেকে পিস্তল উদ্ধার, আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।
টুইট ডেস্ক: সিলেটের জাফলং পর্যটন এলাকায় একটি গভীর কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রথমে একজনকে আটক করা হয়, পরে তার দেওয়া তথ্যের সূত্র ধরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন; সুরমান আহমদ (২৫), আতাউল মোস্তফা (৩১) ও টুটুল মিয়া (২৪)। তাদের মধ্যে দুজন সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, একটি কূপের ভেতরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে,এমন তথ্য পেয়ে অভিযান শুরু করা হয়। প্রথমে আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাতে কূপ থেকে পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়।
গোয়াইনঘাট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে অন্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তাদেরও আটক করা হয়েছে।”তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পর্যটন এলাকা হওয়ায় জাফলংয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।






