এক প্রেমিকা‌কে নি‌য়ে দুই গ্রু‌পের সংঘর্ষ, বি‌ধি তু‌মি ব‌লে দাও সে কার

দুই গ্রুপের হাতাহাতি, অনুষ্ঠান স্থগিত; তদন্তে প্রশাসন

টুইট ডেস্ক: প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে চলমান অনুষ্ঠান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৩ ও ৬৪ ব্যাচের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক শিক্ষার্থী ও একই ব্যাচের এক ছাত্রীর মধ্যে পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল। এ অবস্থায় পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের আরেক শিক্ষার্থী ওই ছাত্রীকে বারবার বার্তা পাঠিয়ে বিরক্ত করছিলেন। বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার রেশ ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হল–এর শিক্ষার্থীদের মধ্যেও। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং অনুষ্ঠান স্থগিত করা হয়।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল আলীম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। তখন দুই গ্রুপ আলাদা হয়ে গেলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনার ভিডিও আমাদের হাতে এসেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ক্যাম্পাসে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।