মহড়ায় ঝলসে উঠল বিমান বাহিনীর প্রস্তুতি

‘আকাশ বিজয়-২০২৬’ মহড়ায় সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতার পূর্ণাঙ্গ যাচাই।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ও সমন্বিত সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে।
বৃহস্পতিবার শেষ হওয়া এই মহড়ায় বাহিনীর প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া ও আধুনিক কৌশল প্রয়োগের সক্ষমতা গভীরভাবে মূল্যায়ন করা হয়।
মহড়াটি তিন ধাপে পরিচালিত হয়,যোগাযোগ অনুশীলন, রসদ ব্যবস্থাপনা অনুশীলন এবং সরাসরি যুদ্ধ অনুশীলন।
প্রতিটি ধাপে বাস্তব যুদ্ধপরিস্থিতির অনুকরণে পরিচালিত কার্যক্রম বাহিনীর কৌশলগত দক্ষতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মহড়ায় যুদ্ধবিমান দিয়ে আকাশ হামলা প্রতিহত, শত্রু গতিবিধি নজরদারি, রসদ সরবরাহ, সৈন্য স্থানান্তরসহ জটিল অভিযানের অনুশীলন করা হয়।
বিশেষভাবে শত্রু এলাকায় বিপদগ্রস্ত বৈমানিক উদ্ধারে কমান্ডো অভিযানের অনুশীলন এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থার ব্যবহার বর্তমান যুদ্ধ বাস্তবতায় নতুন মাত্রা যুক্ত করেছে।
এছাড়া রাতের অন্ধকারে গুরুত্বপূর্ণ স্থানে সেনা নামানো, রাডার ব্যবস্থার মাধ্যমে আগাম হুমকি শনাক্ত এবং সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার কৌশলও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল।
এতে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও অন্যান্য সংস্থার অংশগ্রহণ আন্তঃবাহিনী সমন্বয়কে আরও শক্তিশালী করেছে।
বিশ্লেষকদের মতে, এই মহড়া শুধু তাৎক্ষণিক প্রস্তুতি যাচাই নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধ কৌশল ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।






