জাতীয় সার্ভে করে জনবল চাহিদা নির্ধারণের নির্দেশ

উচ্চশিক্ষা ও কর্মবাজারের দূরত্ব কমাতে ইউজিসির নতুন উদ্যোগ।
টুইট প্রতিবেদক: দেশের বিভিন্ন খাতে প্রকৃত দক্ষ জনবলের চাহিদা নিরূপণে জাতীয় পর্যায়ে সমন্বিত সার্ভে পরিচালনার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর উৎপাদিত গ্র্যাজুয়েটদের দক্ষতা ও শিল্পখাতের চাহিদার মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।
নির্ভরযোগ্য তথ্যের অভাবে এই সংকট আরও প্রকট হচ্ছে।
তিনি জানান, ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় এই জাতীয় সার্ভে অন্তর্ভুক্ত করা হলে খাতভিত্তিক দক্ষতার ঘাটতি স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে।
পাশাপাশি প্রকল্প ব্যয়ে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
গবেষণা খাতে অপচয় রোধে চেয়ারম্যান নির্দেশ দেন, পূর্বে কেনা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যাচাই না করে পুনরায় একই ধরনের সরঞ্জাম কেনা যাবে না।
প্রয়োজনে এ বিষয়ে পৃথক সমীক্ষা চালানোর কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি দ্রুত প্রতিষ্ঠা করা প্রয়োজন।
এ জন্য বিভাগীয় শহরের নিকটবর্তী স্থানে উপযুক্ত জায়গা নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবনতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একাডেমিক সম্পৃক্ততা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা শিক্ষার্থীদের একাডেমিক কর্মকাণ্ডে যুক্ত রাখার পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই জাতীয় সার্ভে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য দূর করতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






