সঙ্গীত থেকে অভিনয়ে শেখ সাদীর অভিষেক

‘শহরের নতুন অতিথি’ নাটকে শেখ সাদী-সামিরা খান মাহি জুটির প্রথম উপস্থিতি।
টুইট ডেস্ক মৌলিক গানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন সঙ্গীতশিল্পী শেখ সাদী।
ধারাবাহিকভাবে ভিন্নধর্মী গান উপহার দিয়ে নিজের অবস্থান শক্ত করার পর এবার অভিনয় জগতে অভিষেক ঘটালেন তিনি।
‘বিগ সিটি ড্রামা’ ব্যানারে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত প্রথম নাটক ‘শহরের নতুন অতিথি’।
নাটকটিতে শেখ সাদীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।
পরিচালনায় ছিলেন গৌতম কৈরী। গল্পে শেখ সাদী অভিনয় করেছেন ‘হিমেল’ চরিত্রে এবং মাহি ‘মাহিরা’ চরিত্রে।
প্রথম অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে শেখ সাদী বলেন, শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও সহশিল্পী ও পরিচালকের সহযোগিতায় দ্রুত স্বাভাবিক হয়ে উঠেন তিনি।
দীর্ঘদিনের অভিনয়ের ইচ্ছা থেকেই এই নাটকে কাজ করা, যা তার কাছে বিশেষ ভালো লাগার অনুভূতি তৈরি করেছে। মাহির সঙ্গে পূর্বপরিচয় থাকায় কাজের পরিবেশও ছিল স্বচ্ছন্দ।
অন্যদিকে সামিরা খান মাহি জানান, শেখ সাদীর অভিনয় তাকে ইতিবাচকভাবে চমকে দিয়েছে।
সংলাপ ও অভিব্যক্তিতে তিনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন বলে মন্তব্য করেন মাহি। ভবিষ্যতে বিশেষ দিবসগুলোতে তাকে নিয়মিত নাটকে দেখতে চান বলেও জানান তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহি পারিবারিক কারণে সেখানে সময় কাটাচ্ছেন।
জানা গেছে, আগামী ১২ এপ্রিল দেশে ফিরে নতুন কয়েকটি নাটকের কাজ শুরু করবেন তিনি।
এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন নিলয় আলমগীর ও মুশফিক ফারহান।
নতুন এই জুটির প্রথম নাটক প্রকাশের পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সঙ্গীত থেকে অভিনয়ে শেখ সাদীর এই পদক্ষেপ ভবিষ্যতে তার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে কিনা,সেটিই এখন দেখার।






