মেসির হাতে ওঠা সেই ট্রফি বিক্রি হচ্ছে নিলামে

২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের পর মাঠে উদযাপনে ব্যবহৃত ট্রফিতে রয়েছে চ্যাম্পিয়ন দলের সদস্যদের স্বাক্ষর; সঙ্গে নিলামে উঠছে মেসির ছবি সংবলিত একটি সংগ্রহযোগ্য কার্ড।
টুইট ডেস্ক: ঞকাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক জয়ের উদযাপনে ব্যবহৃত বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্স এই আয়োজন করবে।
২টু০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর মেসিকে প্রথমে ১৮ ক্যারেট সোনায় তৈরি প্রায় সাড়ে ছয় কেজি ওজনের মূল ট্রফি দেখানো হলেও মাঠে খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত হয়েছিল একটি প্রতিরূপ ট্রফি। এবার সেই প্রতিরূপটিই নিলামে তোলা হচ্ছে।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ম্যাচ শেষে মাঠে উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়েছিল। পরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এতে নিজেদের স্বাক্ষর করেন। একপর্যায়ে এটি দেশটির রাজধানী বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।
ট্রফিটির পাশাপাশি নিলামে উঠছে একটি সংগ্রহযোগ্য কার্ড। কার্ডটিতে মেসির হাতে প্রতিরূপ বিশ্বকাপ ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি রয়েছে। ফলে একই আয়োজনে আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বজয়ের দুটি স্মারক সংগ্রহের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে সমতা ছিল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
রিচমন্ড অকশান্সের ভাষ্য অনুযায়ী, ট্রফি ও কার্ড একসঙ্গে সংগ্রহ করার সুযোগটি আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার বিরল আয়োজন। ট্রফিটির সত্যতা ও মালিকানার উৎস প্রমাণে ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলও সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপ জয়ের সেই আবেগঘন মুহূর্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই স্মারক নিলামে কত দামে বিক্রি হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।






