ঢাকা সফরে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের প্রতিনিধি

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ, রাজনৈতিক সংলাপ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একাধিক কর্মসূচি।
টুইট ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ হাইশিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন-এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ-এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।
সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলবে। এ সময় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনা মন্ত্রী। এ সময় বঙ্গভবন পরিদর্শন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন লিউ হাইশিং। একই অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন তিনি। এরপর ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান ও বর্তমান চ্যান্সারি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।
কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের এই সফর বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






