পোশাকশিল্পে নাশকতাকারীদের কঠোর দমনের আহ্বান জামায়াত আমিরের

প্রায় ৬০০ কারখানা বন্ধের দাবি, অস্থিরতার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা
টুইট ডেস্ক : দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প খাতকে ধ্বংসের অপচেষ্টায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সত্যায়িত পৃষ্ঠায় দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, দেশের পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড শুধু শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতিই করছে না, বরং দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। প্রকৃত শ্রমিকেরা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না বলেও বিশ্বাস প্রকাশ করেন তিনি।
পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান দাবি করেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শিল্প খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শীত মৌসুমকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে শিল্প খাতকে অস্থিতিশীল করে সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
জামায়াত আমিরের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ধ্বংসের পাঁয়তারা করছে। পরিস্থিতি উসকে দিয়ে শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ অবস্থায় শিল্পের স্বার্থ রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।






